মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শুক্রবার (২৪ জুলাই) ২০২৬, রাত ১০টা ২৪ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে শতবর্ষী গোয়ালট কবরস্থান দখলের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয়রা। শুক্রবার বিকেলে চুনতি শাহ সাহেব গেইট কবরস্থান রক্ষা নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার নারী-পুরুষ ও প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কবরস্থানের পবিত্রতা ও ঐতিহ্য রক্ষায় অবিলম্বে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, কবরস্থানের পূর্ব পাশে মাটি ভরাট করে সীমানা সংকুচিত করার চেষ্টা চলছে। এটি একটি শতবর্ষী কবরস্থান হওয়ায় এর কোনো অংশ দখল বা ক্ষতিগ্রস্ত হলে ধর্মীয় অনুভূতি ও জনস্বার্থ মারাত্মকভাবে ক্ষুণ্ন হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
বক্তারা বলেন, অবিলম্বে অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে কবরস্থানের প্রকৃত সীমানা নির্ধারণ করতে হবে। দখল বা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে যাতে কোনো অনধিকার প্রবেশ বা দখলের চেষ্টা না হয়, সে জন্য প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত চুনতি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইলিয়াস মাস্টারের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
স্থানীয় সচেতন মহল বিষয়টির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদ্ঘাটন এবং কবরস্থানের পবিত্রতা ও জনস্বার্থ রক্ষায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।