নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বরখাস্ত হওয়া অন্য কর্মকর্তারা হলেন কাজী আশরাফুল আজীম, মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস ও মো. ইকবাল হোসাইন।
প্রজ্ঞাপন অনুযায়ী, ছয় কর্মকর্তার সবাই এর আগে সাময়িক বরখাস্ত ছিলেন। তাঁদের মধ্যে বিপ্লব কুমার সরকার ও সুদীপ কুমার চক্রবর্তী বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, ইকবাল হোসাইন খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং কাজী আশরাফুল আজীম চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। মো. গোলাম রুহানী ও রাজন কুমার দাস সাময়িক বরখাস্ত অবস্থায় পলাতক ছিলেন।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।