মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার (১৩ আগস্ট), রাত ৮টা ৮ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নেত্রকোণার পূর্বধলায় সার বোঝাই ট্রাক ও যাত্রীবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনায় অন্তত পাঁচ-ছয়জন গুরুতর আহত হয়েছেন।
নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তারা সবাই পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন এবং নেত্রকোণার মদনপুর ওরসে যাচ্ছিলেন। সংঘর্ষের তীব্রতায় পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয়রা জানান, নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের নারান্দিয়া বাজার এলাকায় যান দুটির গতি বেশি থাকায় সংঘর্ষের তীব্রতা ছিল মারাত্মক। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরবর্তীতে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ও পূর্বধলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়ি কেটে হতাহতদের উদ্ধার করেন।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “সার বোঝাই ট্রাক ও ওরসগামী পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে। গুরুতর আহতদের ময়মনসিংহ ও নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “শ্যামগঞ্জ ফাঁড়ি ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে। নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।”