নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
শনিবার (১৫ আগস্ট) ২০২৬, দুপুর ১টা ৪৭ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের নওয়াপাড়া ইউনিয়নের বোলপুর গ্রামে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারি জলিলসহ চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাত ১১টার পর বোলপুর এলাকার একটি বাড়ির উঠান থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন বোলপুর গ্রামের মোঃ জলিল (৫০), মোঃ জাকির হোসেন (৪০), নওদাগ্রামের মোঃ সোহান হাওলাদার (২০) এবং শহরের পুরাতন কসবা এলাকার গাউছুল ইসলাম রিকু (৩৪)। উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বোলপুর গ্রামের খলিলের বাড়ির উঠানে কতিপয় ব্যক্তি ইয়াবা বেচাকেনার জন্য অবস্থান করছে বলে জানতে পারে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চতুর্দিক থেকে ঘেরাও করে তাদের আটক করা হয়। পরে দেহ তল্লাশি চালিয়ে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক অপরাধের রেকর্ড রয়েছে। এর মধ্যে জলিলের বিরুদ্ধে ৯টি, জাকিরের বিরুদ্ধে ৫টি এবং গাউছুল ইসলাম রিকুর বিরুদ্ধে ২টি মাদকসহ বিভিন্ন মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।