জহুরুল হক জনি, লালমনিরহাট প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৬, রাত ৯টা ৪ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ছাগলের আদার পাতা খাওয়ানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছয় মাসের অন্তঃসত্ত্বা এক নারীর গর্ভের শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে আজ শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে কাকিনা ইউনিয়নে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ১ আগস্ট সকালে ছাগলের আদার পাতা খাওয়ানো নিয়ে বিরোধের জেরে ওইদিন রাতে মো. আসাদুল হক ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী মোছা. ছাবেক্কুন্নাহারের ওপর হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত ছাবেক্কুন্নাহারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ আগস্ট রাত ৩টা ৩০ মিনিটে তার গর্ভের শিশুটি মৃত অবস্থায় জন্মগ্রহণ করে।
পরিবারের দাবি, হামলার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. মমিনুর রহমান, মো. হারুন অর রশিদ, মোছা. শরিফা বেগমসহ ১০ জনকে অভিযুক্ত করে অভিযোগ তোলা হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মানববন্ধনে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানান। ভুক্তভোগী পরিবারও প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি তদন্ত করে নিয়ম অনুযায়ী মামলা নেওয়া হয়েছে। বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।