স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
রবিবার (১৬ আগস্ট), বিকাল ৪টা ৪০ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুষ্টিয়ায় সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলার ঘটনায় গণঅধিকার পরিষদের দুই নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে। রবিবার সকালে এমপির ব্যক্তিগত সহকারী মমিন বিশ্বাস বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় এ মামলাটি করেন।
এজাহারে গণঅধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক ও সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদের নাম উল্লেখ করা হয়েছে। এর আগে শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের ছয়রাস্তা মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি এবং গণঅধিকার পরিষদের শীর্ষ নেতাদের নিয়ে মুফতি আমির হামজার একটি বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জেলা গণঅধিকার পরিষদ। এমপি আমির হামজা তার রাজনৈতিক কর্মসূচি শেষে গাড়িযোগে ফেরার পথে ছয়রাস্তা মোড় এলাকায় মিছিলের মুখোমুখি হন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং এমপির গাড়িতে হামলা চালানো হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
এমপি মুফতি আমির হামজা অভিযোগ করেন, আব্দুল খালেক ও তৌকির আহমেদের নেতৃত্বে একদল নেতাকর্মী লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে তার গাড়িতে হামলা চালায়।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা গণঅধিকার পরিষদ কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, “এজাহারের বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”