নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
সোমবার (১৭ আগস্ট) ২০২৬, সকাল ৯টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোর শহরের নাজির শংকরপুর খুলনা রোড এলাকায় অনৈতিক কর্মকাণ্ড ও মাদক সেবনের অভিযোগে দুই নারীসহ পাঁচজনকে আটক করেছে সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা। রোববার (১৬ আগস্ট) রাত ১১টার দিকে স্থানীয় একটি ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ফ্ল্যাট থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন রূপদিয়া এলাকার আইয়ুব আলী, ঢাকার মহাখালী টিএন্ডটি কলোনির সুমন, বকচর এলাকার শুভ্র চৌধুরী, বারান্দীপাড়া পূর্বপাড়ার ফারিয়া এবং ঝুমঝুমপুর এলাকার লিমা খাতুন। অভিযানের সময় ভবনের মালিক ও চিহ্নিত মাদক কারবারি পিয়াস চারতলার ছাদ থেকে পাশের আরেকটি ভবনের ছাদে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তিনি আহত হন।
স্থানীয়দের অভিযোগ, পিয়াস দীর্ঘদিন ধরে তার ভবনের বিভিন্ন ফ্ল্যাটে নারী এনে অনৈতিক কার্যকলাপ পরিচালনা করতেন। একই সঙ্গে সেখানে নিয়মিত মাদক সেবন ও বিক্রির আসর বসত বলেও অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং ফ্ল্যাট তল্লাশি করে মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।