মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি
সোমবার (১৭ আগস্ট) ২০২৬, বিকেল ৫টা ৪০ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় চারশো পিস ইয়াবাসহ হক মিয়া (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার ঝাঞ্জাইল বাস কাউন্টার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত হক মিয়া দুর্গাপুর থানার মাধবপুর সীমান্তবর্তী মিনকি ফান্দা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।
পুলিশ জানায়, দুপুরে ঝাঞ্জাইল চেকপোস্টে নিয়মিত তল্লাশি চালানোর সময় একটি যাত্রীবাহী অটোরিকশা থামায় পুলিশ। এ সময় অটোরিকশার এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে তল্লাশির উদ্যোগ নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি নিজের পকেটে থাকা সাদা পলিথিনে মোড়ানো একটি প্যাকেট রাস্তায় ফেলে দিয়ে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করেন।
দায়িত্বরত এসআই হারুন তাৎক্ষণিকভাবে ধাওয়া করে তাকে আটক করেন। পরে ঝাঞ্জাইল বাস কাউন্টারে নিয়ে উপস্থিত কর্মকর্তাদের সামনে প্যাকেটটি খোলা হয়। প্যাকেটের ভেতরে দুটি কালো রঙের জিপার ব্যাগে মোট চারশো পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে এসআই ফিরোজ আল মামুন মাদকগুলো জব্দ করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেছে, সে দুর্গাপুরের সীমান্তবর্তী মাধবপুর এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করেছিল। মাদকের এই চালানটি শ্যামগঞ্জ এলাকায় পৌঁছে দেওয়ার কথা ছিল তার।”
তিনি আরও জানান, মাদকের মূল সরবরাহকারী এবং শ্যামগঞ্জের গন্তব্যস্থল উদঘাটন করতে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুর্গাপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।