নিউজ ডেস্ক
মঙ্গলবার (১৮ আগস্ট), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে মাত্র ১২ কার্যদিবসে ৬২ হাজার ৬৩৭টি পুরাতন মামলা নিষ্পত্তি করা হয়েছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা এবং দীর্ঘদিনের মামলা জট কমানোর লক্ষ্যে প্রধান বিচারপতির নির্দেশনায় এই বিশেষ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, গত ১৩ আগস্ট বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের ১৩টি ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৫ হাজার ৪০৫টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। এর মাধ্যমে ১২ কার্যদিবসে মোট ৫৫ হাজার ৭৩০টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হলো। পুরাতন ক্রিমিনাল মিস ও রিট মামলা মিলিয়ে এ পর্যন্ত মোট ৬২ হাজার ৬৩৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
এ বিষয়ে এটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, “মামলা জট বাংলাদেশের বিচারব্যবস্থার দীর্ঘদিনের একটি বড় চ্যালেঞ্জ। তাই পুরাতন মামলা দ্রুত নিষ্পত্তির এই উদ্যোগ বিচারপ্রার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাবে এবং বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা সুদৃঢ় করবে।”
বিশেষ করে একদিনে ৫ হাজার ৪০৫টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হওয়া নিঃসন্দেহে একটি প্রশংসনীয় অর্জন। মামলার জট নিরসনে এমন সময়োপযোগী উদ্যোগের জন্য প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ এবং সুপ্রিম কোর্ট প্রশাসন ধন্যবাদ পাওয়ার যোগ্য।
গত ৭ মে থেকে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন এবং রিট মোশন বেঞ্চসমূহে পুরাতন মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে এই বিশেষ কার্যক্রম শুরু হয়। প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী, বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।