নিউজ ডেস্ক
বুধবার (১৯ আগস্ট), রাত ৮টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
স্বামীর মৃত্যুতে মানবিক বিবেচনায় সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি কারামুক্ত থাকবেন। মুন্সিগঞ্জ কারাগারে বন্দি দীপু মনির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন এ নির্দেশ দেয়।
দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম প্যারোলে মুক্তির বিষয়টি নিশ্চিত করেন। বুধবার সকালে পরিবারের পক্ষ থেকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে এ সংক্রান্ত আবেদন করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু জানান, ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নেওয়াজ ২০১৯ সালে স্ট্রোক করেন। শারীরিক অসুস্থতা সত্ত্বেও গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে আদালতে গিয়েছিলেন তিনি।
তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনের বিষয়ে বুধবার দুপুরের পর পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে জানাজা ও দাফনের স্থান সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।