নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার (২০ আগস্ট, ২০২৬) সন্ধ্যা ৬টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোর শহরের লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় আল-আমিন (২৮) নামের এক যুবককে দিনে-দুপুরে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন শহরের বারান্দীপাড়া বউবাজার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আল-আমিনকে ওই এলাকায় ছুরিকাঘাত করে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। নিহতের খালাতো ভাই হাসান মরদেহটি আল-আমিনের বলে শনাক্ত করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাসুম খান বলেন, “সদর পুলিশ ফাঁড়ির সদস্যসহ পুলিশের একাধিক টিম ও ডিবি পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। কী কারণে এবং কারা আল-আমিনকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।”
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান ও তদন্ত চলমান রয়েছে।