জহুরুল হক জনি, লালমনিরহাট জেলা প্রতিনিধি
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
লালমনিরহাটের বহুল আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলায় প্রধান আসামি বিধান চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। একই মামলায় অপরাধ গোপন ও লাশ গুমের চেষ্টার দায়ে তাকে আরও ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হায়দার আলী এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, অপরাধে সহায়তার দায়ে বিধানের বাবা রনজিৎ কুমার ও মা মমতা রানীকে ০৫ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
চলতি বছরের ১৫ জুন আদিতমারী উপজেলার ফলিমারী গ্রামে শিশু নন্দিনী নিখোঁজ হয়।
পরদিন ১৬ জুন বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা নলিনী মোহন বাদী হয়ে আদিতমারী থানায় হত্যা মামলা করেন।
মাত্র ০৬ কার্যদিবসে ২৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত এ রায় ঘোষণা করেন। মামলার প্রধান আসামি বিধান চন্দ্র আদালতে নিজের অপরাধ স্বীকার করেন।
রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হুমায়ুন রেজা স্বপন রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, দ্রুত বিচার সম্পন্নের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠায় এটি একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান রিপন রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
রায়ের পর সন্তোষ প্রকাশ করেছেন নিহত নন্দিনীর বাবা-মা।
তারা দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়েছেন।