সংবাদদাতা, নোয়াখালী
শনিবার (২২ আগস্ট), রাত ৮টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের বারইচতল গ্রামের অটো রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন—বারইচতল গ্রামের সাকিবুল হাসান (১৭), মো. নাদিম (১৭) এবং মো. সাহের। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর বাংলাবাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা মুখোশধারী ব্যক্তিরা তাদের গতিরোধের চেষ্টা করে। ব্যর্থ হয়ে তারা এলোপাতাড়ি গুলি ছুড়লে তিনজনই গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
উপজেলা জামায়াতের আমির মো. আবু জায়েদ অভিযোগ করেন, যুবদল নেতা হারুনের নেতৃত্বে ছাত্রশিবিরের কর্মী ও সমর্থকদের ওপর এ হামলা হয়েছে। তিনি বলেন, ‘হারুনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে আইনের আওতায় আনলে এলাকায় স্থিতিশীলতা ফিরবে।’
অভিযোগ অস্বীকার করে বেগমগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মহি উদ্দিন রাজু বলেন, ‘জামায়াত ও শিবিরের অভ্যন্তরীণ বিরোধের দায় আমাদের ওপর চাপানো হচ্ছে। এই ঘটনায় আমাদের দলের কেউ সম্পৃক্ত নেই।’
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং হাসপাতালে আহতদের দেখেছি। এই ঘটনার আগে বাংলাবাজারে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’