মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
সোমবার (২৪ আগস্ট) ২০২৬, বিকেল ৩টা ২৩ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আরমান উদ্দিন ও তার ভাইসহ ছয়জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। রোববার (২৩ আগস্ট) লোহাগাড়ার পশ্চিম কলাউজান এলাকার বাসিন্দা আমির হোসেন চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার অন্য আসামিরা হলেন আরিফ উদ্দিন, শওকত আলী, আদিল, আনোয়ার ও জয়নাল আবেদীন। এছাড়া অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, বাদীর লোহাগাড়ার আজিজ কমপ্লেক্সের চারতলা ভবন ও নিচতলার দোকান দখলে নেওয়ার হুমকি দিয়ে আসামিরা ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। গত ৩ এপ্রিল রাতে চাঁদা না দেওয়ায় দোকানের তালা ভেঙে ১১ লাখ ৫৮ হাজার ৬৫৯ টাকা মূল্যের আলমারি, মালামাল এবং নগদ ১ লাখ ২০ হাজার টাকা লুট করার অভিযোগ করা হয়।
গত ২০ আগস্ট বৈঠকের সময়ও আসামিরা ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং দোকান ও ঘর ছাড়ার হুমকি দেন। একপর্যায়ে আসামিরা বাদীকে মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আদনান কবির জিলান বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।
আরমান উদ্দিনের বিরুদ্ধে এর আগেও ব্যবসায়ী অপহরণ, চাঁদা দাবি ও বালু উত্তোলন নিয়ে প্রশাসনকে ম্যানেজ করার অভিযোগ রয়েছে। গত ১৮ আগস্ট তার একটি কথোপকথন ফাঁস হওয়ার পর বিষয়টি আলোচনায় আসে। তবে বর্তমানে দেশের বাইরে থাকায় এসব অভিযোগের বিষয়ে আরমান উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি।