নিজস্ব প্রতিবেদক
রবিবার (১৩ সেপ্টেম্বর), রাত ৯টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর এনসিপি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এই ঘোষণা দেন।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের সঙ্গে আয়োজিত এই সভায় নাহিদ ইসলাম দলীয় কার্যক্রমের দিকনির্দেশনা দেন। তিনি সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যার সমাধান এবং জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশ দেন।
সভায় আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের সম্ভাব্য নাশকতামূলক তৎপরতার বিষয়ে কড়া নজরদারি রাখার জন্য দলীয় নেতাদের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, “জুলাই শহীদ ও আহত পরিবারদের সঙ্গে সার্বক্ষণিক যুক্ত থাকতে হবে এবং পতিত শক্তির যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সতর্ক থাকতে হবে।”
অনুষ্ঠানে এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।