মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি
মঙ্গলবার (৮ অক্টোবর) ২০২৬, রাত ৮টা ৪৪ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাঙামাটির দুর্গম এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী ও রাঙামাটি জেনারেল হাসপাতালের সমন্বিত উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাঙামাটি জেনারেল হাসপাতালের নতুন ভবনে আয়োজিত এ কার্যক্রমে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী-পুরুষ ও সাধারণ মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
দিনব্যাপী এ আয়োজনে আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের মধ্যে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। আর্থিকভাবে অসচ্ছল ও দূরবর্তী এলাকার মানুষের স্বাস্থ্যসেবার ব্যয় ও ভোগান্তি কমাতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের মানুষের পাশে দাঁড়ানো এবং দুর্গম পার্বত্য এলাকার জনগণের জীবনমান উন্নয়নে তারা নিয়মিত মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি, রাঙামাটি সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা এবং সিএমএইচ-এর সিও মেজর হাসানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের মতো উদ্যোগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি জনগণের সঙ্গে সেনাবাহিনী ও সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের সম্পর্ক আরও সুদৃঢ় করছে।