প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
শনিবার (৩১ অক্টোবর), ২০২৬ | সন্ধ্যা ৬টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে পাঁচ মাসব্যাপী শুঁটকি উৎপাদনের মৌসুম। শুক্রবার (৩০ অক্টোবর) থেকে বন বিভাগের অনুমতি নিয়ে মোংলা থেকে দলে দলে সাগরের পথে যাত্রা শুরু করেছেন দেশের বিভিন্ন অঞ্চলের জেলেরা। আগামী বছরের মার্চ মাস পর্যন্ত চলবে এই কর্মযজ্ঞ।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকেই মাছ ধরার ট্রলার নিয়ে দুবলার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন জেলেরা। এর আগে গত দুই-তিন দিন ধরে মোংলায় অবস্থান করে ট্রলারে প্রয়োজনীয় সরঞ্জাম ও রসদ তোলার কাজ সম্পন্ন করেন তারা।
বন বিভাগ জানায়, চলতি মৌসুমে আলোরকোল, অফিসকেল্লা, নারকেলবাড়ীয়া ও শেলার চরে জেলেদের অস্থায়ী বসতি গড়ে উঠবে। তাদের জন্য ৯০০টি ঘর, ১০০টি দোকান এবং মাছের বেচাকেনা পরিচালনায় ১০০টি ডিপো স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। এই মৌসুমে প্রায় ১০ হাজার জেলে ও মহাজন দুবলার চরে সমবেত হবেন বলে ধারণা করা হচ্ছে।
শুঁটকি উৎপাদনের এই কর্মযজ্ঞে সুন্দরবনের পরিবেশ রক্ষায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে বন বিভাগ। বনের কোনো গাছপালা কেটে ঘর কিংবা চাতাল নির্মাণ করা যাবে না। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জেলেরা জানান, বনাঞ্চলের ক্ষতি না করে কাজ করার বিষয়ে তারা সচেতন এবং প্রয়োজনীয় বাঁশ, বেড়া ও চাটকি সঙ্গে নিয়ে যাচ্ছেন।
জেলেরা জানান, দুবলার চরে মাছ ধরার মৌসুম মানেই প্রকৃতির সঙ্গে লড়াই। ঝড়, জলোচ্ছ্বাস ও বৃষ্টির কারণে অনেক সময় মাছ ধরার কাজ ব্যাহত হয়। ট্রলার ডুবে যাওয়া কিংবা বৃষ্টিতে মাছ নষ্ট হওয়ার ঝুঁকি থাকলেও জীবিকার তাগিদে প্রতিকূল পরিবেশেই কাজ করতে হয় তাদের।
নতুন স্বাস্থ্যসেবা
এবারের মৌসুমে জেলেদের জন্য প্রথমবারের মতো দুবলার চরে ফ্রেন্ডশিপের ভাসমান হাসপাতাল স্থাপন করা হচ্ছে। জরুরি রোগীদের দ্রুত পরিবহনের জন্য রাখা হবে একটি স্পিডবোট।
প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, “জেলেদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রথমবারের মতো এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাঁচ মাসজুড়েই ফ্রেন্ডশিপের ভাসমান হাসপাতালের মাধ্যমে সেখানে চিকিৎসাসেবা দেওয়া হবে।”