নিউজ ডেস্ক
শনিবার (৩১ অক্টোবর, ২০২৬)
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ঢাকার আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধ ও বিনা কারণে চাকরিচ্যুতি বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকেরা। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই বিক্ষোভ একপর্যায়ে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলে পুলিশের চার থেকে পাঁচজন সদস্য আহত হন এবং শ্রমিক অসন্তোষের মুখে আশুলিয়ার অন্তত ২৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
শনিবার সকাল থেকে আশুলিয়ার জিরাবো এলাকার নাঈম নীটওয়ারের শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন। পরে তারা কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকদের বেরিয়ে আসার আহ্বান জানান। এ সময় বেশ কিছু কারখানায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কাঠগড়া ও নিশ্চিন্তপুরসহ বিভিন্ন এলাকার শ্রমিকেরা বিক্ষোভে যোগ দেন এবং বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে অবস্থান নেন।
দুপুর ১২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে এবং টিয়ার শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেন। দুপুর ১টার দিকে নিশ্চিন্তপুর এলাকায় নাসা গ্রুপের কারখানার সামনে থেকে তিনটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে শিল্প পুলিশ। বিষয়টি অ্যান্টি টেররিজম ইউনিটকে (এটিইউ) জানানো হয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন বলেন, “শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ। শ্রমমন্ত্রী অক্টোবরের মধ্যে মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।”
তিনি আরও বলেন, “শুক্রবার রাতে শ্রম মন্ত্রণালয়ের বৈঠকে আগামী রোববারের মধ্যে ন্যূনতম মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। তবে বৈঠকের সিদ্ধান্ত শ্রমিকদের কাছে সঠিকভাবে পৌঁছায়নি, যে কারণে তাদের মধ্যে বিশ্বাস-অবিশ্বাসের দোলাচল রয়েছে।”
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, “শ্রমিক অসন্তোষের কারণে ইতোমধ্যে ২৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। নিশ্চিন্তপুর এলাকায় বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশের চার থেকে পাঁচজন সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে।”
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশীদ জানান, সকালে নাঈম নীটওয়ারের শ্রমিকেরা বিক্ষোভ করলে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।