নিজস্ব প্রতিবেদক
শনিবার (৩১ অক্টোবর), ২০২৬ | সন্ধ্যা ৭:০০
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হারুন-অর-রশিদকে চাকরি থেকে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ শনিবার (৩১ অক্টোবর) মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। দায়িত্বে অনুপস্থিত থাকা ও কর্মস্থল ত্যাগের অভিযোগে বিভাগীয় তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে এই গুরুদণ্ড দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, হারুন-অর-রশিদ ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয় এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে তিনি নির্ধারিত সময়ের মধ্যে কোনো লিখিত জবাব দেননি।
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, হারুন-অর-রশীদের বিরুদ্ধে আনা ‘পলায়ন’ বা কর্মস্থল ত্যাগের অভিযোগ তদন্তে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে হারুন-অর-রশীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানা বিতর্ক ও অভিযোগ উঠেছিল। দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকার পর অবশেষে তাকে সরকারি চাকরি থেকে চূড়ান্তভাবে অব্যাহতি দেওয়া হলো।