নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (৫ নভেম্বর), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। সরকারি নিয়ম ও নীতিমালা অনুযায়ী মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির তালিকা প্রণয়ন করা হয়েছে।
বোর্ড জানায়, নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তদের মেধাবৃত্তি এবং ন্যূনতম জিপিএ-৩ (চতুর্থ বিষয় ব্যতীত) প্রাপ্তদের সাধারণ বৃত্তি দেওয়া হয়েছে। ছাত্র ও ছাত্রী অনুপাতে ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রী হিসেবে এই বৃত্তি বণ্টন করা হয়েছে। এছাড়া সাধারণ ও বিজ্ঞান বিভাগে প্রার্থীর অনুপাত অনুযায়ী ৩:২ হারে বৃত্তি প্রদান করা হয়েছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা নিজ নিজ কোর্সের মেয়াদের জন্য বার্ষিক এককালীন অর্থ এবং নির্ধারিত হারে মাসিক বৃত্তির টাকা পাবে। এই টাকা সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে সরকারের ‘জিটুপি’ পদ্ধতিতে ইএফটির মাধ্যমে পাঠানো হবে। এজন্য শিক্ষার্থীদের ভর্তি হওয়ার ৭ দিনের মধ্যে অনলাইন সুবিধাসম্পন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খুলে হিসাব নম্বর নিজ নিজ প্রতিষ্ঠানে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃত্তির শর্তাবলি ও নিয়ম
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সব বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর কাছ থেকে মাসিক বেতন দাবি করতে পারবে না। বেতন দাবি করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বোর্ড আরও জানায়, কেবল নিয়মিত পরীক্ষায় প্রথমবার উত্তীর্ণ শিক্ষার্থীরাই এই বৃত্তির যোগ্য বলে বিবেচিত হবে। কোনো অনিয়মিত শিক্ষার্থী এই বৃত্তির জন্য যোগ্য বলে গণ্য হবে না।