ববি প্রতিনিধি
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, ‘বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর ধারা ৮(১) অনুযায়ী মো. জিয়াউদ্দিন সিকদার জিয়াকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে ১ (এক) বছর মেয়াদে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে এই নিয়োগ প্রদান করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এই আদেশের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
মো. জিয়াউদ্দিন সিকদার বলেন, “আলহামদুলিল্লাহ। বরিশালবাসীর সার্বিক উন্নয়নে কাজ করার সুযোগ দেওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। একইসঙ্গে আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জনাব তারেক রহমানকে।”
তিনি আরও বলেন, “বরিশালের সার্বিক উন্নয়ন এবং রূপান্তরে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। বরিশাল উন্নয়নকরের অগ্রযাত্রায় এবং একটি আধুনিক ও জনমুখী অঞ্চল গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলে অংশীদার হিসেবে পাশে থাকবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”