সংবাদদাতা
বুধবার (১১ নভেম্বর), দুপুর ১২টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কক্সবাজারের চকরিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাবুল দে (৬৫) নামে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে বাড়ি ফেরার পথে মহাসড়কে বাবার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁর ছেলে রনি দে।
নিহত বাবুল দে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার বাসিন্দা। তিনি ডুলাহাজারা বাজারে একটি ওষুধের দোকান করতেন। হাইওয়ে পুলিশের ধারণা, কোনো দ্রুতগামী অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়েছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে ফার্মেসি বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন বাবুল দে। তাঁর ছেলে রনি দে-ও অন্য একটি মোটরসাইকেলে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে উলুবনিয়া রাস্তার মাথা এলাকায় রনি তাঁর বাবাকে মহাসড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
বাবুল দের কোমর থেকে নিচের অংশ গুরুতর জখম ছিল। রনি দে দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে রনি দে বলেন, ‘আমি মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। ধারণা করছি, কোনো গাড়ির ধাক্কায় আমার বাবা নিহত হয়েছেন।’
মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া বলেন, ‘হাসপাতাল থেকে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে গিয়েছিলেন। পরে থানার এসআই খোকন চন্দ্র দাশ বাড়িতে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। মরদেহ বর্তমানে থানায় রয়েছে। পরিবারের সদস্যদের চাওয়া অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’