জেলা প্রতিনিধি
বুধবার (১১ নভেম্বর), সকাল ১১টা ২৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কাজ করার সময় মি সিং সিয়াওজুন (৪৩) নামের এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে খনি থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রমিকদের সূত্রে জানা যায়, সোমবার রাতের শিফটে খনির ভেন্টিলেটর সাইডে দায়িত্ব পালন করতে ভূগর্ভে যান সিং সিয়াওজুন। দিবাগত রাত তিনটার পর থেকে ১৩০৫ নম্বর কোল ফেইসে কাজ করার সময় সহকর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক খান জাফর সাদিক বলেন, “নির্ধারিত স্থানে ওই চীনা শ্রমিককে না পেয়ে সহকর্মীরা বিষয়টি খনির ভূপৃষ্ঠের কন্ট্রোল রুমে জানান। পরে উদ্ধারকারী দল অনুসন্ধান চালিয়ে সিল ওয়ালের পাশ থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে।”
বর্তমানে ওই শ্রমিকের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। বিসিএমসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত শ্রমিকের মরদেহের বিষয়ে চীনে অবস্থিত কনসোর্টিয়ামের প্রধান কার্যালয় ও তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরবর্তী সময়ে চীনা কনসোর্টিয়ামের নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে মরদেহের সৎকারের ব্যবস্থা করা হবে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াদুদ জানান, মরদেহের ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করার প্রক্রিয়া চলছে।