নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (১৯ নভেম্বর), সকাল ১০টা ৪২ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে দেশের উপকূলীয় তিন বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তর জানায়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি আগামী শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় উপকূলীয় তিন বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা থাকলেও দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। দেশের অন্যান্য এলাকায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
রাজধানী ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৬৮ শতাংশ রেকর্ড করা হয়েছে। এ সময় উত্তর অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছিল চট্টগ্রামের রামগতিতে এবং সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সময়ে কক্সবাজারে ৬ মিলিমিটার এবং কুতুবদিয়ায় ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।