মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নেত্রকোণায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে নেত্রকোণা পৌরসভার ৯ নং ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে বাসার বারান্দার একটি কক্ষে থাকা আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এনসিপির কেন্দ্রীয় কমিটির পেশাজীবী বিষয়ক সহ-সম্পাদক ফাহিম রহমান খান পাঠান এই অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বাসাটির বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পেয়ে ভেতরে থাকা লোকজন তা নেভানোর চেষ্টা করেন। পরে স্থানীয় এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করেন।
ফাহিম রহমান খান পাঠান বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তিনি মুঠোফোনে বলেন, বেশ কিছুদিন ধরে অজ্ঞাত ফোন নম্বর থেকে হুমকি আসছিল। বিষয়টি আমি কেন্দ্রীয় নেতাদের জানিয়েছি। অগ্নিকাণ্ডের ঘটনাটি নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররাই ঘটিয়েছে। এই অবস্থায় রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাই। আমাকে এসব করে দমিয়ে রাখা যাবে না।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এর পেছনে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।