অভয়নগর প্রতিনিধি, বৃহস্পতিবার (২৬ নভেম্বর), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় যশোরের অভয়নগরে ৩০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ৬০টি মা ছাগল ও ছাগল প্রতিপালন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) অর্থায়নে ও বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের (বিকেএফ) বাস্তবায়নে এসব সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার বিকালে উপজেলার মাইলপোস্ট এলাকায় বন্ধু কল্যাণ ফাউন্ডেশন চত্বরে ১২টি পরিবারের মধ্যে ২৪টি ছাগল ও সনদপত্র বিতরণ করা হয়। এর আগে গত সোমবার ১৮টি পরিবারের মাঝে ৩৬টি ছাগল ও সনদপত্র বিতরণ করা হয়। পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে মোট ৩০টি পরিবারকে দুটি করে মোট ৬০টি ছাগল দেওয়া হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু। বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোলাম এহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক এস এম ফারুক হোসেন।
বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোলাম এহিয়া বলেন, আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া ও পাইকপাড়া গ্রামের ৩০টি হতদরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারকে এই সহায়তা দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারকে দুটি করে মা ছাগল ও ছাগল প্রতিপালন প্রশিক্ষণের সনদপত্র প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীসহ উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।