এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে বোরো চাষে ব্যস্ত হয়ে পড়েছেন কুড়িগ্রামের কৃষক। কুয়াশাচ্ছন্ন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানিতে নেমে বীজতলা তুলে সেই বীজ জমিতে রোপণ করছেন। পাশাপাশি বোরো চাষের জন্যে প্রস্তুত করা হচ্ছে বোরোর জমি।
জানা গেছে, কুড়িগ্রামে আমন ধান কাটার পরপরই শুরু হয় আলু রোপণের হিড়িক। তবে যারা আলুচাষ করেনি তারা বোরো চাষ শুরু করেছে। আলু উত্তোলনের পর সেসব জমিতে বোরো করা হবে। কুড়িগ্রাম বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বোরো চাষের জন্য জমি হালচাষ করাসহ বোরোবীজ রোপণ করছেন কৃষকেরা।
কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের কৃষক মোজাফফর হোসেন জানান,তিনি এবার ৬ বিঘা জমিতে বোরো ধান চাষ করবেন। তিনি আরও বলেন, আমন ধানের বাম্পার ফলন ও ভালো দাম পেয়েছেন, তাই এবার বোরো চাষের জন্যে একটু আগেই জমি চাষের জন্যে প্রস্তুত করাসহ বোরো রোপণ শুরু করছেন। তবে এবার প্রচন্ড ঠান্ডা তাই কৃষি শ্রমিকরা তাদের মজুরি একটু বেশি নিচ্ছেন। তবুও কৃষক কিছুই মনে করছেন না। কারন যে পরিমাণ ঠান্ডা তাতে করে বোরো চাষের জন্য শ্রমিক পাওয়ায় কষ্টকর হয়ে পড়েছে।
কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি অফিসার জাকির হোসেন জানান, উপজেলায় এবার আমন ধানের ফলন ভালো হয়েছে। ধানের দামও ভালো পেয়েছেন কৃষকরা। চলতি মৌসুমে ১৩ হাজার ২শত ২০ হেক্টর জমিতে বোরোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আশা করা যাচ্ছে আবহাওয়া অনুকূলে থাকলে এবছরও বোরো চাষের ফলন ভালো হবে।