টাঙ্গাইল জেলার ধনবাড়িতে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে ঢুকে ঘুমন্ত মা ও মেয়েকে চাপা দিলে তাদের মৃত্যু হয়। এই ঘটনায় বাবা আহত হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মঙ্গলবার ভোর রাতে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ি উপজেলার নল্লা বাজার এলাকায় এই ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- উপজেলার নল্লা বাজার এলাকার গনেশ চন্দ্র রবি দাসের স্ত্রী ফুল রাণী (৪২) ও তার মেয়ে রাঁধিকা রাণী (১২)। এ ঘটনায় আহত গনেশ রবি দাসকে (৫৩) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধনবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম জসিম উদ্দিন জানান, গভীর রাতে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নল্লা বাজার এলাকার একটি বসত বাড়িতে উঠে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ে ঘটনাস্থলে মারা যান। এ সময় তার বাবা গুরুতর আহত হয়। আহত গনেশকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। কাভার্ড ভ্যানের চালক ও সহকারীরা পলাতক রয়েছে।