জেলা প্রতিনিধি
শুক্রবার (২ অক্টোবর) ২০২৬, রাত ৯টা ২০ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে ধর্ষণের শিকার ৬২ বছরের এক বৃদ্ধা বিচার দাবিতে অভিযুক্ত ৭০ বছর বয়সি আরশেদ আলীর বাড়ির আঙিনায় চার দিন ধরে অনশন করছেন। গত রোববার রাতে ঝাড়ফুঁক দেওয়ার কথা বলে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীর। অভিযুক্ত ব্যক্তি ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
ভুক্তভোগী বৃদ্ধা জানান, গত রোববার রাত ৮টার দিকে একই গ্রামের কবিরাজ আরশেদ আলী ঝাড়ফুঁক দেওয়ার কথা বলে তাকে বাইরে ডাকেন। পরে টেনে-হিঁচড়ে নির্জন স্থানে নিয়ে মুখ চেপে ধর্ষণ করেন। তার চিৎকারে নাতি ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করলেও তার পরিবারের লোকজন জোরপূর্বক তাকে ছাড়িয়ে নিয়ে যায়। বিচার না পাওয়া পর্যন্ত তিনি ওই বাড়িতেই অবস্থান করবেন বলে জানান।
ভুক্তভোগীর ছেলে হেলাল তালুকদার জানান, আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় এবং লোকবল না থাকায় তাদের আইনি লড়াইয়ে যাওয়ার সামর্থ্য নেই। প্রভাবশালীরা গ্রামীণ সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়েছেন। স্থানীয় মাতব্বর মজিবুর রহমান জানান, তারা ৪-৫ জন মাতব্বর বিষয়টি নিয়ে বসেছিলেন এবং সালিশের মাধ্যমে মীমাংসার উদ্যোগ নেওয়া হচ্ছে।
অভিযুক্ত আরশেদ আলীর ছেলে মো. আসলাম ধর্ষণের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, তার বাবা ওই বৃদ্ধার বাড়িতে ঝাড়ফুঁক দিতে গিয়েছিলেন এবং ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে। তবে স্থানীয় ইউপি সদস্য আকরাম হোসেন আসাদ জানান, ঘটনাটি সত্য এবং অভিযুক্ত ব্যক্তি এলাকায় দুষ্টু প্রকৃতির মানুষ হিসেবে পরিচিত। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন বলেন, শুক্রবার সন্ধ্যায় পুলিশ ওই বাড়িতে পাঠানো হয়েছিল। তবে সেখানে ভুক্তভোগী বৃদ্ধা বা অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।