উপজেলা প্রতিনিধি,রৌমারী
শুক্রবার (২৩ অক্টোবর) ২০২৬, রাত ৮টা ৪৯ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুড়িগ্রামের রৌমারীতে দুবাই ফেরত ভাতিজার শাবলের আঘাতে সোনা বানু (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের উত্তর বারবান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোনা বানু ওই গ্রামের আব্দুল জলিলের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, অভিযুক্ত ফারুক হোসেন (৪০) কয়েক দিন ধরে মানসিক ভারসাম্যহীন ও উগ্র আচরণ করছিলেন। ঘটনার দিন সকালে তিনি ঘর থেকে ধারালো দা ও শাবল নিয়ে বাড়ির লোকজনকে এলোপাতাড়ি আঘাত করতে শুরু করেন। এতে শাবলের আঘাতে ঘটনাস্থলেই মারা যান চাচি সোনা বানু।
ফারুককে বাধা দিতে গিয়ে তার বড় বোন মমিনা খাতুন (৩০), ছোট ভাইয়ের স্ত্রী জোসনা খাতুন (২৬) এবং চাচা খলিলুর রহমান (৪৭) গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রৌমারী সরকারি হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত ফারুককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
রৌমারী সদর ইউনিয়নের ইউপি সদস্য ফিরোজ আহমেদ বলেন, “দুবাই প্রবাসী ফারুক মাদকাসক্ত ছিলেন। তিনি তার ছেলে ও মাকে ঘরে আটকে রেখেছিলেন। মূলত তাদের উদ্ধার করতে গিয়েই এই হতাহতের ঘটনা ঘটে।”
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বলেন, “অভিযুক্ত ফারুক হোসেনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া ও তদন্ত চলমান রয়েছে।”