দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও নিরাপত্তাবাহিনীর ওপর সশস্ত্র হামলা এবং সড়ক অবরোধের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে সাজেক থেকে সেনাবাহিনীর স্কটের মাধ্যমে পর্যটকদের ফিরিয়ে আনার পথে উজো বাজার এলাকায় ইউপিডিএফের (প্রসীত) সশস্ত্র সদস্যরা গুলিবর্ষণ করে বলে অভিযোগ করেছে সংগঠনটি। এতে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে দেওয়া এক যৌথ বিবৃতিতে পিসিসিপির কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো. হাবীব আজম এ ঘটনার নিন্দা জানান। তাঁরা বলেন, এ ধরনের সহিংসতা পাহাড়ের শান্তি-শৃঙ্খলা ও পর্যটনশিল্পের জন্য হুমকিস্বরূপ। এতে পর্যটননির্ভর স্থানীয় ব্যবসায়ী, জিপচালক ও শ্রমজীবী মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিবৃতিতে সাজেক পর্যটন সড়কের নিরাপত্তা নিশ্চিত করা, হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং পাহাড়ে সশস্ত্র তৎপরতা, চাঁদাবাজি ও অবরোধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।পিসিসিপি নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, পাহাড়ে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে ছাত্র-জনতা ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। একই সঙ্গে তাঁরা আহত পর্যটক ও নিরাপত্তাবাহিনীর সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং পাহাড়ে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সরকার ও প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।