রাজু মিয়া, কালীগঞ্জ প্রতিনিধি
শনিবার (২৪ অক্টোবর), দুপুর ১টা ৪৩ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়ন ভূমি অফিসে সরকারি স্বার্থসংশ্লিষ্ট জমি নামজারি বা খারিজ নিয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় সেবাগ্রহীতাদের অভিযোগ, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সরকারি জমি নামজারি করে দিয়েছেন সাবেক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিপুল কুমার রায়। এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র ও সেবাগ্রহীতাদের অভিযোগ, মদাতী ইউনিয়ন ভূমি অফিসে সেবা নিতে আসা ব্যক্তিদের দালালের মাধ্যমে কাজ করতে বাধ্য করা হতো। অফিসের কার্যক্রম মূলত কয়েকজন দালাল ও ব্যক্তিগত কম্পিউটার অপারেটরের মাধ্যমে পরিচালিত হতো। সেবাগ্রহীতাদের দাবি, ভূমিসংক্রান্ত সমস্যার সমাধান পেতে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ ছিল না, বরং মধ্যস্থতাকারীদের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লেনদেন করতে হতো।
অনুসন্ধানে জানা যায়, নামজারি মামলা নং ৭২৬৭/২৫-২৬ ও ৫০৮৬/২৪-২৫ এবং কৈতারী মৌজার নামজারি খতিয়ান নং ১০৭৯-সহ কয়েকটি নথিতে ‘ক’ তফশিলভুক্ত সরকারি জমির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, সাবেক কর্মকর্তা বিপুল কুমার রায় স্থানীয় মধ্যস্থতাকারীদের সহায়তায় সরেজমিনে তদন্তের নামে এসব জমির নামজারি সম্পন্ন করেন। এছাড়া সরকারি স্বার্থসংশ্লিষ্ট হাড়ীদল বিলের জমি নিয়ে আইনি জটিলতা ও রেকর্ড ভলিউমে নোট থাকা সত্ত্বেও ভূমি উন্নয়ন কর আদায়ের তথ্য পাওয়া গেছে।
অভিযোগের বিষয়ে সাবেক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিপুল কুমার রায় বলেন, “আমি রিটায়ারমেন্টে আছি। এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।”
মদাতী ইউনিয়ন ভূমি অফিসের বর্তমান তহশিলদার জানান, বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম বলেন, “সরকারি স্বার্থসংশ্লিষ্ট সম্পত্তির অবৈধ নামজারি এবং এ-সংক্রান্ত অনিয়মের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ বিষয়ে মদাতী ইউনিয়ন ভূমি অফিসের বর্তমান উপসহকারী কর্মকর্তার সঙ্গে কথা বললে তিনি জানান, এ বিষয়টির কোন তথ্য জানা নাই । যদি কিছু হয়ে থাকে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।