বাঘারপাড়া প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিলু পাটোয়ারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার সন্ধ্যায় যশোর শহরের কাজীপাড়ার পুরাতন কসবা এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়।
রাত সাড়ে দশটায় বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল।
তিনি জানান, ডিবি পুলিশ দিলু পাটোয়ারীকে আটক করে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে সরকারবিরোধী নাশকতার পরিকল্পনা এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিভিন্নভাবে সংগঠিত করার অভিযোগ রয়েছে। এছাড়া একাধিক মামলার আসামি তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্র ঘোষিত ইউনিয়ন পদযাত্রার কর্মসূচি চলাকালে বাঘারপাড়ার উপজেলার ভাটারআমতলায় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় অভিযোগ করা হয়েছে। এ সময় বিএনপির নেতাকর্মীরা রক্তাক্ত জখম হন। এ ঘটনায় ২০২৪ সালের ১৯ ডিসেম্বর বাঘারপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেন বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক খোকন লস্কর। মামলার এজাহারে দিলু পাটোয়ারীকে ৫ নম্বর আসামি করা হয়।
দিলু পাটোয়ারী যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের নরসিংহপুর গ্রামের মৃত গোলাম মাওলা পাটোয়ারীর মেজ ছেলে। মাত্র ২৬ বছর বয়সে ২০১১ সালের নির্বাচনে প্রথমবার ও ২০১৬ সালে পরপর দুইবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০২০ সালে বাঘারপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করে পরাজিত হন দিলু। ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন তিনি।