শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
রবিবার (৪ অক্টোবর), রাত ৯টা ৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গাজীপুরের কালিয়াকৈরে একটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি কক্ষের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় আলমগীর হোসেনের কলোনিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় কক্ষগুলো তালাবদ্ধ থাকায় মালামাল বের করা সম্ভব হয়নি। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের কক্ষে ছড়িয়ে পড়লে স্থানীয়রা নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন।
কলোনির মালিক আলমগীর হোসেন বলেন, “আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমার বাসার ঘরের আসবাবপত্র, আলমারি, খাট, সুকেস, ফ্রিজ, ফ্যানসহ নানা প্রকার জিনিস পুড়ে ছাই হয়ে গেছে।”
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী বলেন, “ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।”