অভয়নগর (যশোর) প্রতিনিধি।
অভয়নগরে ইজিবাইক কিনে না দেওয়ায় ইসরাফিল হোসেন মধু (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
ঘটনাটি ঘটেছে রোববার সকালে উপজেলার নওয়াপাড়ার নর্থ বেঙ্গল এলাকায়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ইসরাফিল হোসেন মধু ওই এলাকার ইয়ার আলী সরদারের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবকের পিতা ইয়ার আলী একজন খাবার হোটেল ব্যবসায়ী। নিহত যুবক দীর্ঘদিন ধরে তার পিতাকে ইজিবাইক কিনে দেওয়ার জন্য বলে আসছিলেন। কিন্তু ইয়ার আলী গরীব হওয়ায় তার ছেলের দাবি করা ইজিবাইক কিনে দিতে অস্বীকার করেন।
এ নিয়ে রোববার সকালে ইজিবাইকের জন্য পিতার সাথে ছেলের কলহ বাঁধে। যার কারণে কাউকে কিছু বুঝতে না দিয়ে ওই যুবক নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।
এ বিষয়ে নিহত যুবকের বন্ধু ছাব্বির হোসেন জানান, আমার ওই বন্ধুটি অনেক ভালো ছিলো। এভাবে সে আত্মহত্যা করবে তা ভাবতে পারছিনা। অনেক দিন ধরে ইজিবাইক কিনে দিতে সে তার পরিবারকে চাপ দিয়ে আসছিলো। ইজিবাইক না পেয়ে সে হয়তবা রাগে-ক্ষোভে আত্মহত্যা করেছে।
অভয়নগর থানার এসআই রিয়াজ হোসেন জানান, ইজিবাইক কিনে না দেওয়ায় ওই যুবক আত্মহত্যা করেছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।