ফরিদপুরের চরভদ্রাসনে ছেলেকে বাঁচাতে গিয়ে পদ্মা নদীতে ডুবে নিখোঁজ বাবা শাহাদাত খানের (৫৫) মরদেহ উদ্ধার করেছে চরভদ্রাসন ফায়ার সার্ভিসের সদস্যরা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বুধবার ছেলেকে বাঁচাতে গিয়ে পদ্মা নদীতে ডুবে নিখোঁজ হন তিনি। ডুবে যাওয়ার প্রায় ১৭ ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে গোপালপুর ঘাট থেকে আধা কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। উদ্ধার করে প্রাথমিকভাবে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয় ।
নিহত শাহাদাত খানের বাড়ি চরভদ্রাসন ইউনিয়নের বাদুল্লা মাতুব্বরের ডাঙ্গী গ্রামে। তিনি সপরিবারে ঢাকায় থাকতেন। ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়িতে এসেছিলেন তিনি।
চরভদ্রাসন ফায়ার স্টেশনের (ভারপ্রাপ্ত) অফিসার মুর্তজা ফকির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার দিন তারা নদীতে ডুব দিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। অন্ধকার হয়ে যাওয়ায় সেদিন অপারেশন স্থগিত করা হয়। বৃহস্পতিবার ঈদুল ফিতরের নামাজের পর তারা আবারও উদ্ধার অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে কিছু দূর ভেসে থাকা নিহত ব্যক্তিকে উদ্ধার করে।
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল বিন করিম জানান, নদীতে গোসল করতে নেমে একজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করতে বলা হয়। ঘটনার পরদিন ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে। আমাদের সময়ডটকম