বাগেরহাট প্রতিনিধি। বাগেরহাট জেলার মোল্লাহাটের শাসন গ্রামে সিনহা ইসলাম( ১৮ মাস) নামের এক কন্যা শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
খবর পেয়ে থানা পুলিশ রবিবার (২১ এপ্রিল) শিশুটির মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
জানা গেছে, শিশুটির দাদা বাড়ির সাথে তার নানা বাড়ীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আর এই বিরোধের কারনে বিগত পাচঁ মাস ধরে শিশুটি নিয়ে তার মা শাসন গ্রামের নানা মাগরিব শরীফের বাড়ীতে অবস্থান নেয়। শনিবার দিনগত রাত তিন টার দিকে মা হাফিজা বেগম শিশুটিকে বুকের দুধ খাইয়ে আবার ঘুম পড়িয়ে রাখেন এবং তিনি নিজে ঘুমিয়ে পড়েন।
এদিন ভোর হতে না হতেই মা জেগে দেখেন শিশুটি খাটের উপর মৃত অবস্থায় পড়ে আছে। এমন অবস্থায় ডাক-চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে।
বিষয়টি মেয়েটির পিতাকে মোবাইল ফোনে জানালে পিতা হাসান কাজী তার মেয়ের মৃত্যু রহস্যজনক বলে সে তাৎক্ষনিক মোল্লাহাট থানার ওসিকে জানায়। খবর পেয়ে সকালেই পুলিশ ঘটনাস্থলে যায় এবং আইনগত ব্যবস্থা গ্রহন করে।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আশরাফুল আলম জানান, যেহেতু মেয়েটির পিতা এ মৃত্যু রহস্যজনক বলে জানালে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ওই বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করি। এ বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে ।