স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভারতে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় আমাদের বাংলাদেশের মানুষ জড়িত।
বুধবার (২২ মে) দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য (এমপি) ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনারের মরদেহ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ মে) সকালে কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে কলকাতা২৪×৭ নামে একটি অনলাইন নিউজ পোর্টাল এমপির মরদেহ উদ্ধারের খবর জানিয়েছে।
ওই পোর্টালে বলা হয়েছে, ভোটের মুখে খাস কলকাতায় বড় ঘটনা ঘটে গেলো। খুন হলেন বিদেশি সংসদ সদস্য। হ্যাঁ ঠিকই শুনেছেন। হাড়হিম করা হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো কলকাতার নিউটাউন এলাকায়। মৃতের নাম আনোয়ার উল আজিম। তিনি বাংলাদেশের সংসদ সদস্য বলে জানা গেছে। এরই মধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে, সংসদ সদস্যের মৃত্যুতে তার গ্রামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জে চলছে শোকের মাতম। আনোয়ারুল আজীমের আত্মীয়-স্বজনসহ প্রতিবেশী ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়েছেন তার বাড়িতে। জাগো ডটকম