স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)। অভয়নগরে ত্রিশ পিস ইয়াবাসহ আটক আফরোজা বেগম (৪৫) নামের এক নারী পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
এর আগে সকাল সাড়ে ৮টায় অভয়নগর থানা হাজতে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে ওই নারীকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়। পরে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। মৃত আফরোজা বেগম অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের মডেল কলেজ এলাকায় বসবাসরত আবদুল জলিল মোল্লার স্ত্রী।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে অভয়নগর থানার এসআই সাইফুল ইসলাম ও এএসআই শীলন আলীর নেতৃত্বে পুলিশ আফরোজা বেগমের বাড়িতে অভিযান চালায়। এসময় তাকে ত্রিশ পিস ইয়াবাসহ আটক করা হয় বলে পুলিশের দাবি। তবে পরিবারের দাবি, পুলিশ তাকে মারপিট করে বাড়িতে থাকা এক লাখ ৮৮হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। একই সাথে আফরোজাকে ইয়াবাসহ আটক দেখিয়েছে। মোটা অংকের টাকা দাবি করেছিল পুলিশ, সেই টাকা দিতে না পারায় তাকে ফাঁসানো হয়েছে। পুলিশের নির্যাতনে আফরোজা বেগম থানা হাজতে অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়।
এ বিষয়ে অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম বলেন- আটককৃত আসামী অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা খারাপ থাকায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।পুলিশের নির্যাতনের অভিযোগের ব্যাপারে পুলিশের কোন কর্মকর্তা বক্তব্য দিতে রাজি হননি।