২০২৪ সালের ৫ আগস্ট সারা দেশে লাখো মানুষ রাজপথে নেমে আসে ১৫ বছরেরও বেশি সময় ধরে চলা শেখ হাসিনার শাসনের অবসান ঘটাতে। “মার্চ টু ঢাকা” কর্মসূচির আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন স্থান থেকে ছাত্র-জনতা ঢাকায় আসে। দুপুরের পর রাজধানীর রাস্তাঘাটে ভিড় বাড়তে থাকে এবং মিছিল গণভবনের দিকে অগ্রসর হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কোটা সংস্কারের দাবিতে জুলাইয়ে শুরু হওয়া আন্দোলন রংপুরের শিক্ষার্থী আবু সাঈদের গুলিতে মৃত্যুর পর দেশজুড়ে বিস্তৃত হয়। সরকারপক্ষের দমন-পীড়ন, পুলিশের গুলি এবং ছাত্রলীগ-যুবলীগের হামলা আন্দোলনকে আরও উত্তপ্ত করে তোলে। বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল আন্দোলনে একাত্মতা জানায়।
৫ আগস্ট বিকেলে গণভবন ঘেরাওয়ের খবর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সেনাপ্রধানের নির্ধারিত সময়সীমায় প্রস্তুতি নিয়ে ভারতে চলে যান। হাসিনার প্রস্থান সংবাদ মুহূর্তেই দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে। দেশে এবং প্রবাসে বাংলাদেশিরা মুক্তির আনন্দে মিছিল করে।
এরপর থেকে হাসিনাবিরোধী মিছিল-মিটিং অব্যাহত রয়েছে, যেখানে আওয়ামী লীগকে রাজনীতিতে ফের সুযোগ না দেওয়ার দাবি তোলা হচ্ছে।