রাজধানী ঢাকাসহ দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে রোববার রাত থেকে শুরু হওয়া ভারী বর্ষণ সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে নগরজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করেছে। টানা মুষলধারে বৃষ্টিতে ঢাকার প্রধান সড়কগুলোতে পানি জমে যানজট ও জনদুর্ভোগ বেড়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, শক্তিশালী গভীর সঞ্চালনশীল বজ্রমেঘ তৈরি হওয়ায় অধিকাংশ স্থানে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টি দুপুর বা বিকেল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল ও আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় হলেও বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বরের দিকে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
সর্বশেষ দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।