নজরুল ইসলাম, যশোর
বৃহস্পতিবার (২৯ অক্টোবর), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরে লংমার্চ সফল করার লক্ষ্যে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শহরে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের ঈদগাহ মোড়ে আয়োজিত এই সমাবেশে বক্তারা জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কারের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের আহ্বান জানান।
যশোর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকী বলেন, “গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কারের মাধ্যমে তাদের আকাঙ্ক্ষা পূরণ করা হবে। কিন্তু সরকার জনগণের প্রত্যাশা পূরণে সঠিক পথে না গিয়ে উল্টো পথে হাঁটছে।”
তিনি আরও বলেন, “সরকারকে জনগণ সুযোগ দিয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কারের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। জনগণ রাজপথে নেমে আগামী দিনের বাংলাদেশ নির্মাণের সিদ্ধান্ত নিক, তা আমরা চাই না। দাবি বাস্তবায়ন না হলে জনগণ রাজপথে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে।”
আগামী ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের সঙ্গে একাত্মতা ঘোষণা করে দাবি বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে রাজপথে নামতে হবে।
যশোর শহর জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও ইমরান হুসাইনের পরিচালনায় সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, বেলাল হুসাইন, ভিপি আব্দুল কাদের, পেশাজীবী থানা শাখার আমির খন্দকার রাশিদুজ্জামান রতন, সদর আমির আশরাফ আলী, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস এবং শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশিম রেজা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে ঈদগাহ মোড় থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের মনিহার এলাকায় গিয়ে শেষ হয়।