বিডিটেলিগ্রাফ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাংলাদেশে বর্তমানে ব্যবহৃত সব মোবাইল হ্যান্ডসেট আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ফলে এই তারিখের আগে ব্যবহৃত কোনো ফোন আলাদাভাবে নিবন্ধনের প্রয়োজন নেই।
বিটিআরসি জানিয়েছে, ব্যবহারকারীরা তাদের ফোনের নিবন্ধন অবস্থা জানতে পারবেন কয়েকটি সহজ ধাপে— মোবাইল থেকে *১৬১৬১# ডায়াল করে ফোনের ১৫-সংখ্যার IMEI নম্বর প্রদান করলে ফিরতি বার্তায় হ্যান্ডসেটটির নিবন্ধন অবস্থা জানিয়ে দেওয়া হবে। এ প্রক্রিয়ায় ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই। একইসঙ্গে neir.btrc.gov.bd ওয়েবসাইট বা নিকটস্থ মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টার থেকেও এই সেবা পাওয়া যাবে।
১৬ ডিসেম্বরের পর নতুন ফোন কেনার আগে ক্রেতাকে অবশ্যই হ্যান্ডসেটের বৈধতা যাচাই করতে হবে। এজন্য মেসেজে “KYD” লিখে স্পেস দিয়ে ফোনের ১৫ সংখ্যার IMEI নম্বরটি লিখে ১৬০০২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে জানানো হবে হ্যান্ডসেটটির বৈধতা।
বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক বলেন, এনইআইআর (NEIR) সিস্টেম না থাকায় সরকার প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। নতুন সিস্টেমের আওতায় বৈধ হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে, তবে অবৈধ ফোন এক মাস পর নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। বিদেশ থেকে বৈধভাবে কেনা বা উপহারপ্রাপ্ত হ্যান্ডসেট বিশেষ নিবন্ধনের মাধ্যমে ব্যবহারের সুযোগ থাকবে।