চুয়াডাঙ্গা সংবাদদাতা ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চুয়াডাঙ্গা পৌরসভার বেলগাছি এলাকায় এক কৃষককে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে বেলগাছি গ্রামের খরার মাঠ থেকে নিহত সোহেল (২৫)-এর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি এলাকার বকচরপাড়ার আসাবুল হকের ছেলে এবং পেশায় কৃষক ছিলেন।
ভোরে স্থানীয়রা মাঠে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। স্থানীয়দের ধারণা, ব্যক্তিগত শত্রুতা বা আগের কোনো বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে।
নিহতের বাবা আসাবুল হক অভিযোগ করেন, গ্রামের তাহেরের ছেলে ফারুকের সঙ্গে পেয়ারা গাছের ডাল ভাঙা বা পেয়ারা খাওয়া নিয়ে তার ছেলে সোহেলের দ্বন্দ্ব হয়। বিষয়টি মারামারিতে গড়ায় এবং ফারুক সোহেলকে হত্যার হুমকি দেয়। তার দাবি, এ দ্বন্দ্বের জেরেই ফারুক তার ছেলেকে হত্যা করেছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) হোসেন আলী বলেন, একজন যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি জানান।