টেলিগ্রাফ বাংলাদেশ দেশ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ফরিদপুর সদরে ভেজাল গুড় উৎপাদনের একটি কারখানায় অভিযান চালিয়ে সাড়ে ছয় হাজার কেজি ভেজাল গুড় জব্দ ও ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। নিম্নমানের চিটাগুড়ের সঙ্গে নিষিদ্ধ হাইড্রোজ, ফিটকিরি, নন–ফুডগ্রেড রং–ফ্লেভার এবং পচা–নষ্ট মিষ্টি মিশিয়ে রাতে এই গুড় তৈরি করা হতো। পরে তা ফরিদপুরসহ ঢাকা ও রাজশাহীর বাজারে সরবরাহ করা হতো।
মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মাচ্চর ইউনিয়নের শিবরামপুর ছোট বটতলায় स्वপন কুমার শীল পরিচালিত ওই কারখানায় অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার আতিকুর রহমান। উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আজমল ফুয়াদ, ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান এবং খাদ্য পরিদর্শক বজলুর রশিদ।
অভিযানকারীরা জানান, কারখানাটিতে দিনে উৎপাদন বন্ধ রাখা হলেও রাতে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক দিয়ে খেজুর ও আখের ভেজাল গুড় তৈরি করা হতো। ঘটনাস্থল থেকে জব্দকৃত রাসায়নিক ও গুড় ধ্বংস করা হয়েছে এবং কারখানাটি সিলগালা করা হয়েছে।
কারখানার মালিককে পাওয়া না যাওয়ায় তাঁর বিরুদ্ধে ২০১৩ সালের নিরাপদ খাদ্য আইনে মামলা করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।