ঝিনাইদহ সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ঝিনাইদহ সদর উপজেলার পবহাটি গ্রামে নিখোঁজ হওয়ার ১৪ ঘণ্টা পর সাইমা আক্তার সাবা (৩) নামের এক শিশুর মরদেহ প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। এই পরিকল্পিত হত্যার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুর প্রতিবেশী শান্তনা খাতুনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু সাবা। দিনভর খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় বাবা সাইদুল ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) মনোজ কুমার ঘোষ নিশ্চিত করেন যে, বুধবার রাত ১০টার দিকে প্রতিবেশী মাসুদের বাড়ির খাটের নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এসআই মনোজ কুমার ঘোষের প্রাথমিক ধারণা, শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে। এ ঘটনায় প্রতিবেশীর স্ত্রী শান্তনা খাতুনকে আটক করা হয়েছে এবং পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।