কোম্পানিগঞ্জ প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় টাকা চুরির সন্দেহে জালাল মিয়া (২৪) নামের এক দৃষ্টিপ্রতিবন্ধী যুবককে মধ্যযুগীয় কায়দায় গাছে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামে এই বর্বরোচিত ঘটনা ঘটে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ একজনকে আটক করেছে।
নির্যাতনের শিকার জালাল মিয়া একই গ্রামের মৃত আলি আকবরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, জালাল মিয়াকে টাকা চুরির সন্দেহে তার ঘর থেকে ডেকে নিয়ে কয়েকজন মিলে এই নির্যাতন চালায়।
কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ পিপিএম নিশ্চিত করেছেন, ঘটনা জানার পরপরই তারা আসামিদের ধরতে অভিযান শুরু করেন এবং এই ঘটনায় ইতোমধ্যে ইরফান আলী নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
নির্যাতনের শিকার জালাল মিয়াকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তার মা শিরিয়া বেগম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।