ডেস্ক রিপোর্ট।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
খুলনার রূপসা উপজেলায় শিয়ালী পুলিশ ক্যাম্পে এক পুলিশ কনস্টেবল গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতের দিকে ক্যাম্পের বাথরুম থেকে ফেরদৌস হোসেন নামে ২৭ বছর বয়সী ওই সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার পর থেকে কনস্টেবল ফেরদৌসকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতের দিকে খোঁজ শুরু করলে ক্যাম্পের বাথরুমের ভেতর সিলিংয়ের সঙ্গে তার ঝুলন্ত দেহ দেখতে পান কর্তব্যরত সদস্যরা। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফেরদৌস যশোর সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তার পুলিশ সদস্য নম্বর কং/আমার ১১৬৪।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। লাশ মর্গে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।”
এক পুলিশ সদস্যের আকস্মিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।