বেগমগঞ্জ সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নোয়াখালী ও লক্ষ্মীপুরের সীমান্তবর্তী এলাকা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি কবরস্থান থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) সকালে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় অভিযান চালিয়ে কাগজে মোড়ানো ৬টি প্যাকেট থেকে ৫টি রাইফেল ও ১টি এলজিসহ মোট ৬টি অস্ত্র জব্দ করা হয়।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আন্তঃজেলা সীমান্তবর্তী এলাকায় এই অভিযান চালানো হয়।
ওসি নোমান বলেন, “উদ্ধার হওয়া অস্ত্রগুলো জব্দ দেখানো হয়েছে। তবে এই অস্ত্রগুলো কার বা এর পেছনে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।”
অভিযানের সময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উপস্থিতি ছিল।
মাত্র এক সপ্তাহ আগে লক্ষ্মীপুরের পশ্চিম চন্দ্রগঞ্জ বাজারে একটি ওয়ার্কসপে অস্ত্র তৈরির সন্ধান পাওয়ার পর নতুন করে এই অস্ত্র উদ্ধার হলো। গত ১ ডিসেম্বর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওই ওয়ার্কসপে অভিযান চালিয়ে একটি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছিল। সীমান্তবর্তী এই এলাকায় অবৈধ অস্ত্রের মজুত আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগের কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা।