যশোর প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ স্বর্ণসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার (৭ ডিসেম্বর) ভোরে যশোর সদর উপজেলার দাইতলা ব্রিজ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিকাশ কুমার ঘোষ (৩৪) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
বিজিবি জানিয়েছে, আটক বিকাশের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৫১৫.৯ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বার এবং চারটি স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ও অন্যান্য সামগ্রীর মোট মূল্য ৯৩ লাখ ৫৯ হাজার ৮০৭ টাকা।
বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ভোর ৫টা ৩০ মিনিটে সন্দেহজনক চলাফেরা দেখে বিকাশ কুমার ঘোষকে থামানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, ঢাকার তাঁতিবাজার এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে তিনি যশোর সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতি নিচ্ছিলেন। আটক বিকাশ কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাসিন্দা।
আটককৃত বিকাশ কুমার ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে স্বর্ণ চোরাচালান রোধে বিজিবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে।